অপরাধ
ছবি: সংগৃহীত

রাজধানীতে জাল নোট কারবারিদের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৩।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে জাল নোটসহ গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এক লাখ টাকার জাল নোট।

গ্রেপ্তারকৃতরা হলেন—সাগর (৩০), আল আমিন হাওলাদার (২৮) ও বাবু মাতব্বর (৫৪)। সোমবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্টন থানার আওতাধীন গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনের সড়কে এ অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ জাল নোট চক্র ঈদুল আজহাকে সামনে রেখে নগরজুড়ে জাল টাকা ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়, এবং অভিযানে তিনজনকে হাতেনাতে ধরা হয়।

তল্লাশির সময় তাদের কাছ থেকে এক লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীসহ বিভিন্ন জেলায় জাল নোট সরবরাহে জড়িত ছিল।

রেকর্ড ঘেঁটে জানা যায়,এদের মধ্যে সাগরের বিরুদ্ধে শাহআলী থানায়, আল আমিনের বিরুদ্ধে মিরপুর মডেল, শ্যামপুর ও পটুয়াখালীর দশমিনা থানায় এবং বাবু মাতব্বরের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একাধিক মামলা  রয়েছে—সবই জাল নোটের সঙ্গে সংশ্লিষ্ট।

এ ঘটনায় পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে। জাল নোটের উৎস ও ছড়ানোর পরিকল্পনা অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

মতামত দিন