অপরাধ
ছবি: সংগৃহীত

ধামরাইয়ে ঘর থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামে নিজ ঘর থেকে এক মা ও তার দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নারগিস আক্তার (৩৭), তার বড় ছেলে শামীম (১৭) এবং ছোট ছেলে সুলায়মান (৮)।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ জানিয়েছে, মৃতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়।

নিহত নারগিসের মেয়ে জানান, মাকে ফোনে না পেয়ে তিনি বাড়িতে আসেন।এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন মা ও দুই ভাই অচেতন অবস্থায় পড়ে আছেন।

নারগিসের মা ও বোনের দাবি, জমি নিয়ে পারিবারিক বিরোধ থেকেই এ ঘটনা ঘটে থাকতে পারে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর কারণ নির্ধারণে পুলিশ তদন্ত করছে।

মতামত দিন