অপরাধ
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত।

নিজস্ব প্রতিবেদক:

যশোরের চৌগাছায় সাইকেল ব্যবহার নিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে শিহাব হোসেন (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (২ জুন) দুপুরে ধূলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহত শিহাব কাতারপ্রবাসী মহিদুল ইসলামের মেজো ছেলে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন (২৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, শিহাব তার বড় ভাইয়ের সাইকেল ব্যবহার করে পাশের বাড়িতে দাওয়াতে যান। ফিরে আসার পর সাইকেল ব্যবহারে অসন্তোষ প্রকাশ করে সুমন। বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে শিহাবের পিঠে ছুরি চালিয়ে দেন তিনি।

নিহতের মামা শুকুর আলী জানান, ঘটনার সময় তিনি বাড়ির উঠানে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে গিয়ে শিহাবকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তার ভাষায়, "ও তখন বলল, মামা আমাকে হাসপাতালে নিয়ে চলো, আমি বাঁচব না।"

স্থানীয়দের সহযোগিতায় শিহাবকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক আনোয়ারুল আবেদীন জানান, ছুরির আঘাত শিহাবের পিঠের বাম পাশে গভীর ছিল, যা তার মৃত্যুর কারণ হয়।

এ বিষয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

মতামত দিন