অপরাধ
ছবি: সংগৃহীত

দুই মামলায় রিমান্ড শেষে কাশিমপুর কারাগারে প্রেরণ মমতাজ বেগম।

নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। ছয় দিনের রিমান্ড শেষে রোববার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভি আক্তারের আদালতে তাকে হাজির করা হয়।
পরে আদালত তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সকালে হরিরামপুর থানার পুলিশ কড়া নিরাপত্তায় মমতাজ বেগমকে আদালতে নিয়ে আসে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন খান জানান, ভাঙচুর মামলার রিমান্ডে মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদ করে মামলার গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে, যা তদন্তে কাজে লাগানো হচ্ছে।

অন্যদিকে, সিংগাইর থানায় দায়ের করা একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই জসিম উদ্দিন বলেন, রিমান্ডে তার কাছ থেকে পাওয়া তথ্য তদন্তের জন্য গুরুত্বপূর্ণ। এসব তথ্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। দীর্ঘ এক দশক পর, চলতি বছরের ২৫ অক্টোবর নিহতদের একজনের স্বজন মজনু মোল্লা ওই ঘটনার জন্য মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এছাড়া হরিরামপুরে সংঘটিত আরেকটি ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। দু’টি মামলাতেই মমতাজ বেগম সম্প্রতি রিমান্ডে ছিলেন।

মতামত দিন