বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা।
নিজস্ব প্রতিবেদক:
বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) রাত ৯টার দিকে নগরীর ফকিরবাড়ি রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা প্রবেশ করে চেয়ার-টেবিল, দলীয় নেতাদের ছবি এবং আসবাবপত্র ভাঙচুর করে।
এর আগে বিকেল ৪টার দিকে জাতীয় পার্টির একটি বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ ওঠে। এতে দলের মহানগর আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন দলের জেলা সদস্য সচিব অ্যাডভোকেট এমএ জলিল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম গফুর, আক্তার রহসান সপ্রু এবং তরুণ পার্টির আহ্বায়ক জুম্মান হায়দার। জুম্মান হায়দারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পাল্টা অভিযোগ উঠে যে, বিকেলে জাতীয় পার্টির মিছিল থেকে তাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে আহত হন গণঅধিকার পরিষদের বরিশাল জেলার সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ফয়সাল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মিরাজুল ইসলামসহ অন্তত ১৫-২০ জন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় গণঅধিকার পরিষদের মহানগর সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলার আবেদন করেছেন। মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের,মহাসচিব মজিবুল হক চুন্নুসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও আড়াইশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক অধ্যাপক হাবুল বলেন, রংপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল চলাকালে ফকিরবাড়ি রোডে হঠাৎ করে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে তিনি নিশ্চিত নন।
উল্লেখ্য, ঘটনার পর থেকেই বরিশালের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।
মতামত দিন