অপরাধ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি, গুলিবিদ্ধ ১।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসী বহনকারী একটি মাইক্রোবাসে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) রাত আড়াইটার দিকে মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।
ডাকাতদের গুলিতে হাইওয়ে পুলিশের রেকারের হেলপার গুলিবিদ্ধ হন।


ভুক্তভোগী যাত্রী সুমাইয়া আক্তার জানান,তার ননদ জর্ডানপ্রবাসী বিউটি আক্তার দেশে ফেরার পর তারা টঙ্গি থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন। মাইক্রোবাসে বিউটির সঙ্গে ছিলেন তার শ্বশুর আব্দুল হামিদ, আত্মীয়া সম্পা এবং এক শিশু সন্তান। রাত আড়াইটার দিকে একটি হাইস গাড়ি এসে তাদের মাইক্রোবাসের গতিরোধ করে। এরপর ৭-৮ জনের এক ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মোবাইল ফোন, নগদ ৭০ হাজার টাকা ও মালামাল লুটে নেয়।

এ সময় ঘটনাস্থলের আশপাশে থাকা হাইওয়ে পুলিশের একটি টহল দল ডাকাতদের ধাওয়া করলে তারা গুলি ছোড়ে। গুলিতে পুলিশের রেকার হেলপার হাতে গুলিবিদ্ধ হন। পরে ডাকাত দল হাইস গাড়ি ফেলে পালিয়ে যায়।

ভুক্তভোগীদের অভিযোগ, মাইক্রোবাসের চালক মুস্তাকিন ও হেলপার জুয়েলের আচরণ সন্দেহজনক ছিল।তারা রুট পরিবর্তন করে গাড়ি ঘোরাঘুরি করছিল এবং ডাকাতির ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার আশঙ্কা করছেন যাত্রীরা।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে প্রবাসীর ভাড়া করা মাইক্রোবাস এবং ডাকাতদের ফেলে যাওয়া একটি হাইস উদ্ধার করা হয়েছে। ডাকাতদের ধরতে অভিযান চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

মতামত দিন