অপরাধ
ছবি: সংগৃহীত

এনায়েতপুরে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ, নানিকে গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের এনায়েতপুরে নানার বাড়িতে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুর মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, লাবনীকে পরিকল্পিতভাবে গলা টিপে হত্যা করা হয়েছে।
পুলিশ শিশুটির নানি লাল বানুকে (৬০) গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৩০ মে) রাতে উপজেলার ব্রাহ্মণগ্রামের মৃত শুকুর আলী সরকারের বাড়িতে। নিহত লাবনী নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসর গ্রামের বাসিন্দা নাহিদ আলমের মেয়ে। ঘটনার সময় সে মা নার্গিস খাতুনের সঙ্গে নানা বাড়িতেই অবস্থান করছিল।

শনিবার (৩১ মে) দুপুরে শিশুটির বাবা নাহিদ আলম এনায়েতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্ত্রী, শাশুড়ি ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আনায়ারুল ইসলাম।

পুলিশ জানায়, শিশুটির গলায় আঘাতের চিহ্ন ছিল এবং মাথায়ও আঘাত পাওয়া গেছে। মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানায় থানা কর্তৃপক্ষ।

পারিবারিক সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন মায়ের সঙ্গে লাবনী গত তিন বছর ধরে নানার বাড়িতে থাকত এবং স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুলে নার্সারিতে পড়ত। দাদা আব্দুস ছালাম প্রামানিক অভিযোগ করেন, শিশুটির নানি প্রায়ই শারীরিক নির্যাতন করতেন এবং পাঠানো খরচের টাকা অন্য কাজে ব্যয় করতেন।

লাবনীর বাবা নাহিদ আলম বলেন, "মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এর সঠিক তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তি চাই।"

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার লাল বানুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা তদন্তাধীন রয়েছে।তদন্তে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন