অপরাধ
ছবি: সংগৃহীত

জুলাই গণহত্যা মামলার শুনানি রোববার,ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে।

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বহুল আলোচিত জুলাই গণহত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ও শুনানি রোববার (১ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই শুনানির পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

শনিবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তিনি জানান, আদালতের অনুমোদন অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুনানি সরাসরি সম্প্রচারিত হবে, যাতে জনসাধারণ বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও বাস্তবতা প্রত্যক্ষ করতে পারে।

এ মামলায় প্রধান আসামি হিসেবে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পাশাপাশি অভিযুক্তদের তালিকায় আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এর আগেই শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে এক সেমিনারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, ২০২৩ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হচ্ছে।

তিনি বলেন, “এই মামলার বিচার প্রক্রিয়া আগামী ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান হবে।” তিনি আরও আশ্বস্ত করেন যে, বিচারিক কার্যক্রম এমনভাবে পরিচালিত হবে যেন এর নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।

ট্রাইব্যুনালের এই পদক্ষেপ দেশের বিচারব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতার দিক থেকে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। শুনানির দিনটি দেশের রাজনৈতিক ও মানবাধিকার অঙ্গনে বিশেষ গুরুত্ব  বহন করছে।

মতামত দিন