অপরাধ
ছবি: সংগৃহীত

বগুড়ায় মাদকসহ গ্রেপ্তার চার আইনশৃঙ্খলা সদস্য, উদ্ধার ৮৫০ পিস ইয়াবা।

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন পুলিশ সদস্য ও একজন আনসার সদস্যকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মোট ৮৫০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারের পর শুক্রবার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়া পুলিশ লাইন্সে কর্মরত নায়েক আব্দুল আলীম (৩৩), জয়পুরহাট ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল সাখাওয়াত হোসেন (৩৭), রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের সদস্য আব্দুল ওয়াহাব (৪০) এবং শফিপুর আনসার একাডেমিতে কর্মরত আনসার সদস্য আবু সুফিয়ান (৪২)।

ডিবি পুলিশের তদন্তে জানা যায়, মাদক কারবারের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এ চারজন। জিজ্ঞাসাবাদে আনসার সদস্য আবু সুফিয়ান জানান, সাখাওয়াত হোসেন ও আব্দুল ওয়াহাব নিয়মিত ইয়াবা বিক্রি করতেন এবং এর বিনিময়ে বিকাশে টাকা নিতেন। তদন্তে সাখাওয়াতের বিকাশ নম্বর থেকে ২৭ হাজার টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

এছাড়া, আব্দুল আলীম নামের পুলিশ সদস্যকে নবাববাড়ি সড়কে পুলিশ প্লাজার সামনে থেকে আটক করা হয়। তার ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১৫০ পিস ইয়াবা, যা তিনি ওই দুই পুলিশ সদস্যের কাছ থেকেই কিনেছেন বলে জানায় পুলিশ।

আটকের পর আব্দুল আলীমকে বগুড়া পুলিশ লাইন্সে হস্তান্তর করা হয় এবং বাকি তিনজনকে ডিবি হেফাজতে রাখা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস পরে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সুপার জেদান আল মুসা জানান, অভিযুক্তরা একসময় রাজধানীতে কর্মরত ছিলেন এবং তাদের মধ্যে পূর্বপরিচয় ছিল। বদলির পরেও তারা নিয়মিত যোগাযোগ রেখেছিল এবং সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তিনি বলেন, “তাদের অপরাধের দায় কোনোভাবেই বাহিনী নেবে না।”

গ্রেপ্তারকৃতদের বাড়ি বগুড়ার সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়।

মতামত দিন