কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট।
ভুক্তভোগী নাজমুল আলম জানান, তিনি ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন। তাদের মেয়ে আবিদা সুলতানা বর্তমানে রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত। ভোররাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। এরপর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ডাকাতরা বাসার ভেতর তছনছ করে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২ লাখ টাকা লুট করে নেয়।
ডাকাত দল চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে। রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঠেঙ্গারবান্দ এলাকায় একটি বাড়িতে ডাকাতির খবর পেয়ে আমরা রাতেই সেখানে যাই। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মতামত দিন