মাগুরায় ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জিম্মি করে নির্যাতন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার।
আজ শুক্রবার,৩০ মে ২০২৫:
মাগুরা শহরের সাজিয়ারা এলাকায় পাঁচ ভ্রাম্যমাণ ব্যবসায়ীকে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ দাবির ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। বুধবার (২৮ মে) রাতে অভিযানে আহত অবস্থায় পাঁচ ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
আটক যুবকের নাম ইশতিয়াক আহমেদ শান্ত (২৮)। তিনি মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। স্থানীয়ভাবে তিনি একজন বখাটে ও মাদকসেবী হিসেবেও পরিচিত।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, গত ২১ মে তারা গোপালগঞ্জ থেকে ইলেকট্রনিক পণ্যের ব্যবসা করতে মাগুরায় আসেন। মেস খুঁজতে গিয়ে ইশতিয়াক তাদের ‘এমএস ছাত্রাবাস’ নামে একটি মেসে থাকার ব্যবস্থা করে। কিছুদিন পর ইশতিয়াক ও তার সহযোগীরা তাদের ব্যবসার সব মালামাল লুট করে, মারধর করে এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় তাদের নির্যাতনের ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠানো হয় এবং উচ্চ শব্দে গান চালিয়ে নির্যাতন ঢেকে রাখা হতো।
এক ব্যবসায়ী রাজীব সরদার জানান, তাদের দুজনকে একটি পরিত্যক্ত ভাটায় নিয়ে হত্যাচেষ্টা করা হয়, তবে লোকজন দেখে ফেলার কারণে তারা ফিরে আসে। এরপর তাদের আলাদা ঘরে আটকে রাখা হয়।
সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, নির্যাতনের একটি ভিডিও তাদের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, চার যুবককে দেয়ালের দিকে মুখ করে দাঁড় করিয়ে পেটানো হচ্ছে। পরে অভিযানে মেস থেকে মাদকসেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও লুটকৃত পণ্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী বাবু শেখ বাদী হয়ে মাগুরা সদর থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন