চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা আটক।
আজ শুক্রবার,৩০ মে ২০২৫:
দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক আটকে চাঁদাবাজির সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে সেনাবাহিনীর সদস্যরা হাতেনাতে আটক করেছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে ৮টার দিকে উপজেলার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামালের টেন্ডার পায় সেনাবাহিনীর প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মালামালবাহী দুটি ট্রাক বড়পুকুরিয়া থেকে বের হয়ে গন্তব্যে রওনা দিলে রসুলপুর এলাকায় গিয়ে তারিকুল ও তার অনুসারীরা ট্রাকগুলো আটকায় এবং চাঁদা দাবি করে।
খবর পেয়ে পার্বতীপুর সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে আটক করে। এ সময় অন্য চাঁদাবাজরা পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিকে সেনাবাহিনী ও র্যাব-১৩ এর সদস্যরা পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করে।
এ ঘটনায় সেনাকল্যাণ সংস্থার প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা প্রায় ১০০ জনের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, তারিকুলকে রাতে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মতামত দিন