অপরাধ
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় চিংড়িতে জেলি পুশ: আড়ৎঘরে হাতেনাতে ধরা ছয়জন,জব্দ ২৫০ কেজি মাছ।

নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:

সাতক্ষীরার একটি মাছের আড়তের পাশের একটি ঘরে বসে বিষাক্ত জেলি পুশ করে চিংড়ি বিক্রির জন্য প্রস্তুত করছিল একটি সংঘবদ্ধ চক্র। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালিয়ে ওই ঘর থেকে ছয়জনকে হাতেনাতে আটক করা হয়।

বুধবার (২৯ মে) দুপুরে সদর উপজেলার ৩০ মাইল বিনেরপোতা মাছের আড়তে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি প্রনয় বিশ্বাস।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—তালা উপজেলার নগরঘাটা এলাকার সুব্রত বোদ্ধ, রাকিশ বোদ্ধ, আকাশ বোদ্ধ, সবুজ মন্ডল, কুমারেশ মন্ডল ও অমিত সরকার। তারা সবাই মাছের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ২৫০ কেজি চিংড়ি জব্দ করা হয়।এর মধ্যে ১৫০ কেজিতে ইতোমধ্যে জেলি পুশ করা হয়েছিল। পুশ করা মাছগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উল্লেখ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলি দেওয়া মাছ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং নিরাপদ চিংড়ি এতিমখানায় বিতরণ করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়,বাজারে চিংড়ির ওজন বাড়িয়ে বেশি দামে বিক্রি করার জন্য দীর্ঘদিন ধরে এই ধরনের কার্যক্রম চালিয়ে আসছিল চক্রটি। অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তির অনুভূতি দেখা দেয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এভাবে রাসায়নিক পদার্থ ব্যবহার করে মাছ বিক্রি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। প্রশাসনের নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

মতামত দিন