রাজধানীতে এক দিনে গ্রেপ্তার ৫৪৮, উদ্ধার ইয়াবা-গাঁজাসহ মাদক।
রাজধানীতে অপরাধ ও মাদকবিরোধী অভিযানে ৫৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন ধরনের মাদক ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি এ সময় ৫১টি মামলা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন তেজগাঁও বিভাগে—৯৬ জন। এরপর উত্তরা বিভাগে ৯৩, মিরপুরে ৯২, মতিঝিলে ৭৫, ওয়ারীতে ৫৪, গুলশানে ৪৬, লালবাগে ৪৪ এবং রমনা বিভাগে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ডিবির বিভিন্ন বিভাগ থেকে ১৬ জন এবং সিটিটিসি থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে উদ্ধার করা হয়েছে ১৭ হাজার ৩৪৫টি ইয়াবা ট্যাবলেট। এর পাশাপাশি ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্যের বাইরে একটি মোটরসাইকেল ও ১০টি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ। অভিযানের সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন